
পলাশ হোসেন ২১ সেপ্টেম্বর ২০২৬ , ১১:৩২:১৬ প্রিন্ট সংস্করণ
পাবনা শহরের লতিফ টাওয়ার থেকে মেরিল বাইপাস পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের সংস্কারকাজ ব্যক্তিগত উদ্যোগে করেছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পাবনা জেলা শাখার সদস্য সচিব আহমেদ মোস্তফা নোমান।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টায় তিনি সড়ক সংস্কারের কাজ শুরু করেন। সড়কটি পাবনা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ এ সড়ক দিয়ে চলাচল করেন।
দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ ও ভাঙাচোরা অংশ থাকায় যানবাহন চলাচলে সমস্যা এবং ছোটখাটো দুর্ঘটনার ঘটনা ঘটছে বলে জানান স্থানীয়রা। এতে রোগী, স্বজন ও সাধারণ পথচারীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
এ অবস্থায় জনসাধারণের দুর্ভোগ কমাতে নিজের উদ্যোগে সড়কের ক্ষতিগ্রস্ত অংশে সংস্কারকাজ শুরু করেন আহমেদ মোস্তফা নোমান।
আহমেদ মোস্তফা নোমান বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ চলাচল করেন। বিশেষ করে জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের দুর্ভোগ পোহাতে হয়। বিভিন্ন সময় ছোটখাটো দুর্ঘটনাও ঘটে। মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করেই ব্যক্তিগত উদ্যোগে সড়কটি সংস্কারের কাজ করেছি।
তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার পাশাপাশি সড়কটির স্থায়ী সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
উল্লেখ্য, আহমেদ মোস্তফা নোমান আসন্ন পাবনা পৌর মেয়র পদপ্রার্থী হিসেবে স্থানীয়ভাবে প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন।

















