• জাতীয়

    সেচ ও বিদ্যুৎ ব্যবস্থাকে কৃষকবান্ধব করার নির্দেশ প্রধানমন্ত্রীর : বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন

      সংবাদ ডেস্ক ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২:২৪:১৩ প্রিন্ট সংস্করণ

    কৃষি উৎপাদন বৃদ্ধি ও সেচ সুবিধা সহজীকরণের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন। সভায় সেচ ও কৃষিভিত্তিক বিদ্যুৎ ব্যবস্থাপনা, বরেন্দ্র অঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং কৃষকদের স্বার্থসংশ্লিষ্ট বিদ্যুৎ নীতিমালা প্রণয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

    সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আর কৃষককে বাঁচাতে হলে সেচ ও বিদ্যুৎ ব্যবস্থাকে যেকোনো মূল্যে কৃষকবান্ধব করতেই হবে। বিগত সময়ের অনিয়মের কথা উল্লেখ করে তিনি বলেন, বিগত সময়ে বিদ্যুৎ খাতকে লুটপাটের খাত তৈরি করা হয়েছিল। এখন সময় এসেছে এই খাতকে সংস্কার করে পুনরায় জনগণের সেবায় ফিরিয়ে আনার।

    বৈঠকে বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন বরেন্দ্র অঞ্চলের কৃষকদের সেচ সংক্রান্ত নানা সংকট ও সম্ভাবনা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। সেচ মৌসুমে লোডশেডিং কমানো ও সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। আলো ও সমৃদ্ধির পথে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে সভা শেষ হয়।

    আরও খবর

    Sponsered content